অস্ত্র ও অর্থ এসেছে বিদেশ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার জন্য অর্থ এসেছে মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে। ব্যবহৃত অস্ত্র এসেছে ভারত হয়ে। এর পেছনের অনেককেই শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গতকাল সোমবার মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। গুলশান হামলা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, কাউন্টার টেররিজম ইউনিটকে সারা দেশে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। গত মাসে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
গুলশান হামলার অর্থায়ন প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, হামলায় যে অর্থ ব্যয় হয়েছে, সেটা সংগ্রহ থেকে শুরু করে পুরো ঘটনার বিষয়ে তাঁরা কিছুটা জানতে পেরেছেন। অর্থ ও অস্ত্র দুটোই বাইরে থেকে এসেছে। অর্থ এসেছে হুন্ডির মাধ্যমে। প্রায় ১৪ লাখ টাকা এসেছে একবারে। এ টাকা জঙ্গিরা অস্ত্র সংগ্রহ ও বাসা ভাড়ার কাজে লাগিয়েছে। এই অর্থটা যিনি গ্রহণ করেছেন, তাঁর পরিচয় পাওয়া গেছে। তাঁকে ধরতে অভিযান চলছে।
মনিরুল ইসলাম বলেন, এই অর্থ কোন দেশ থেকে এসেছে তা জানা গেলেও কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছ থেকে এই অর্থ এসেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।
অস্ত্র সংগ্রহের গতিপথও তদন্তে জানা গেছে উল্লেখ করে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, কারা কোথা থেকে অস্ত্র এনেছে সেটি জানা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে অস্ত্রগুলোর গায়ে কোন দেশে তৈরি তা লেখা নেই। তাই বোঝা যাচ্ছে না এগুলো ভারত, পাকিস্তান, চীন না নেপালে তৈরি। তবে এগুলো এসেছে ভারতের ভেতর দিয়ে। এ ক্ষেত্রে নব্য জেএমবির সদস্য নুরুল ইসলাম ওরফে মারজানের একটা বড় ভূমিকা ছিল।
গত ১ জুলাই জঙ্গিরা গুলশানে হলি আর্টিজানে হামলা চালিয়ে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে হত্যা করে। তাৎক্ষণিক অভিযান চালাতে নিহত হন পুলিশের দুজন কর্মকর্তাও। ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএস ওই হামলা ও হত্যাযজ্ঞের দায় স্বীকার করে বিবৃতি দিলেও বাংলাদেশ পুলিশ বলছে, এ ঘটনায় নব্য জেএমবি জড়িত।
পরে উদ্ধার অভিযানে হামলায় জড়িত পাঁচ জঙ্গি এবং ওই রেস্তোরাঁর এক পাচক সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া রেস্তোরাঁর আরেক কর্মী জাকির হোসেন ওরফে শাওন পরে হাসপাতালে মারা যান। জাকিরের পরিবারের অভিযোগ, ১ জুলাই রাতে আটকের পর নির্যাতনের কারণে জাকির মারা গেছে।
এই দুজনের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, সাইফুল ইসলাম চৌকিদারের সম্পৃক্ততার বিষয়টি এখনো তদন্তে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায়নি। তবে তাঁর সম্পৃক্ততা নেই এ কথা বলা যাবে না, আবার সম্পৃক্ত ছিলেন সেটিও নির্ধারিত হয়নি। জাকির হোসেনের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্যও তদন্তে পাওয়া যায়নি। তিনি বলেন, গুলশানের হামলার নেপথ্যের লোকজনের অনেককেই চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের জন্য চালানো অভিযানগুলোতে এই জঙ্গি দলের নেতৃস্থানীয় কয়েকজনসহ ১৬ জন নিহত হয়েছেন। জীবিত ধরা পড়েছেন কয়েকজন। কেউ ধরা পড়ার অপেক্ষায় আছেন। তাঁদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।

মনিরুল ইসলাম বলেন, ঢাকার কল্যাণপুর, রূপনগর, আজিমপুর ও নারায়ণগঞ্জে যাঁরা নিহত হয়েছেন ও জীবিত ধরা পড়েছেন, তাঁদের বিষয়ে অনেক তথ্য বের হচ্ছে। যেমন গুলশান ও শোলাকিয়ার হামলাকারীদের গাইবান্ধায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন কল্যাণপুরে নিহত ব্যক্তিদের একজন আবু রায়হান (তারেক)। সেখানে প্রশিক্ষক হিসেবে নাম পাওয়া যায় মেজর মুরাদ নামে একজনের। পরে জানা গেল সেই কথিত মুরাদ হলেন মেজর জাহিদুল ইসলাম, যিনি রূপনগরের অভিযানে মারা যান। কল্যাণপুরে রাকিব হাসান (রিগ্যান) নামে যে তরুণ জীবিত ধরা পড়েছেন, তিনি ওই জঙ্গিদের ধর্মের নামে উদ্বুদ্ধ করেছেন। তামিম চৌধুরী সবকিছুর সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। তিনিও মারা গেছেন। আবদুল করিম নামে যে লোকটি বসুন্ধরা আবাসিকসহ বিভিন্ন এলাকায় জঙ্গিদের জন্য বাসা ভাড়া করেছিলেন, তিনি পরে আজিমপুরে নিহত হন। যার আসল নাম তানভীর কাদেরী।

মনিরুল ইসলাম দাবি করেন, তদন্তে তাঁদের নাম আগেই বেরিয়ে এসেছিল। তদন্তে আরও কিছু লোকের নাম এসেছে। এগুলো কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়।

৬০-৭০ ভাগ শক্তি শেষ: নব্য জেএমবির ৬০ থেকে ৭০ ভাগ শক্তি এর মধ্যেই নষ্ট করা সম্ভব হয়েছে দাবি করে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, তাঁরা মনে করেন এবং তদন্তে বেরিয়েছে গুলশান ও শোলাকিয়ায় হামলায় জঙ্গিরা সর্বশক্তি বিনিয়োগ করেছে। সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাঁদের নেতৃস্থানীয় অনেকে নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন তামিম চৌধুরী, মেজর (অব.) জাহিদ ও তানভীর কাদেরীর মতো গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা। কল্যাণপুরের অভিযানে চারজন কমান্ডার পর্যায়ের জঙ্গি নিহত হন। তাঁদের সবার গুলশান ও শোলাকিয়ায় হামলায় ভূমিকা রয়েছে। এখন মারজান, বাসারুজ্জামান ও রাজীব গান্ধী ওরফে শান্তসহ কয়েকজন স্থানীয় সংগঠক গ্রেপ্তার এড়িয়ে বাইরে রয়েছেন। তাঁদের মধ্যে রিপন ও খালিদ নামে দুজন গত এপ্রিলের শেষে (রাজশাহীতে অধ্যাপক রেজাউল করিম হত্যার পর) ভারতে পালিয়ে রয়েছেন।

মনিরুল ইসলাম বলেন, ‘তাদের যে নেতৃত্ব ছিল, আমাদের ধারণা তার ৬০ থেকে ৭০ শতাংশ শক্তি ক্ষয় হয়েছে। তবে এখনো তারা নিষ্ক্রিয় হয়ে যায়নি। আমরা অব্যাহত অভিযানের মাধ্যমে চেষ্টা চালাচ্ছি তাদের গ্রেপ্তারের এবং তারা যেন আর কোনো হামলা চালাতে না পারে।’

অবশ্য নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মনে করেন, জঙ্গি দমন অভিযানে প্রাথমিক সফলতা এলেও লম্বা যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে। তিনি প্রথম আলোকে ৯ সেপ্টেম্বর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার হয়েছে, জঙ্গিরা ধরা পড়ছে, হয়তো কিছুটা চাপেও আছে। এ সবই সত্যি। কিন্তু এটা বুঝতে হবে যে জঙ্গিরা একটা লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে এগিয়েছে। ২০০৬-০৭ সালে যে জেএমবিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হলো, এরপর বিগত বছরগুলোতে বিপুলসংখ্যক জঙ্গি ধরা পড়ল। তারপরও আবার নব্য জেএমবির ভয়ংকর রূপ দেখতে হলো।

রাজীব দেশেই আছেন: মারজান ছাড়াও রাজীব গান্ধী নামে দুর্ধর্ষ এক জঙ্গির নাম এসেছে, যিনি এখনো দেশেই আছেন বলে কর্মকর্তারা মনে করছেন। তাঁর প্রকৃত পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল বলেন, রাজীব উত্তরাঞ্চলের কমান্ডার হিসেবে কাজ করতেন। গুলশান ও শোলাকিয়ার হামলার জন্য যখন অভিজ্ঞ জঙ্গি সরবরাহের প্রয়োজন হয়, তখন তিনি গুলশানের ঘটনার জন্য দুজন (উজ্জ্বল ও পায়েলকে) ও শোলাকিয়ার ঘটনার জন্য একজন জঙ্গিকে (শফিউল) উত্তরবঙ্গ থেকে পাঠিয়েছিলেন।

বাসারুজ্জামানের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, এই ব্যক্তি সংগঠনে চকলেট নামে পরিচিত। তাঁরও একটা বড় ভূমিকা ছিল গুলশানের ঘটনায়। রাজধানীর আজিমপুরের অভিযানে বাসারুজ্জামানের স্ত্রী ফেরদৌসী আরেফিন গ্রেপ্তার হন। সেখান থেকে তাঁদের এক বছরের শিশুকন্যাকেও উদ্ধার করা হয়। শিশুটিকে তাঁর নানার জিম্মায় দেওয়া হয়েছে।

এ ছাড়া আজিমপুর থেকে উদ্ধার করা মেজর (অব.) জাহিদের শিশুকন্যাকে তার নানা-নানির হেফাজতে দেওয়া হয়েছে। তানভীর কাদেরির কিশোর ছেলেকে তিন দিনের রিমান্ডে নিয়ে একজন সরকারি কর্মকর্তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিবৃতি: তানভীরের ১৪ বছরের ছেলের রিমান্ড আবেদন মঞ্জুর করায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি উল্লেখ করে, শিশু আইন-২০১৩ অনুযায়ী কোনো শিশুকে পুলিশি রিমান্ডে নেওয়ার সুযোগ সীমিত। এ ক্ষেত্রে শিশু আইনের ব্যত্যয় ঘটেছে বলে সংগঠন দুটি মনে করে। তারা আইনটি যথাযথ অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে।

সারা দেশে কাজ করবে সিটিটিসি: গত ২৫ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, আইজিপির পূর্বানুমতিতে দেশের যেকোনো জায়গায় তিনটি শর্তসাপেক্ষে অভিযান চালাতে পারবে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। এতে বলা হয়, ঢাকা মহানগর এলাকার বাইরে জঙ্গি ও উগ্রপন্থীদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তল্লাশি অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, জিম্মি উদ্ধারসহ বিশেষায়িত অভিযান ও আইনসংগত কাজ করতে পারবে সিটিটিসি। ঢাকার বাইরে অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) বা মেট্রোপলিটনের কমিশনারকে অভিযানের বিষয়ে জানাতে হবে এবং অভিযান পরিচালনাসহ সিটিটিসি ইউনিটের অন্যান্য কাজের সময় দেশের প্রচলিত আইন ও বিধিগুলো অনুসরণ করতে হবে।