অস্ত্র ও ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে অস্ত্র ও ইয়াবা বড়িসহ নাইমুর রহমান (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার মদনপুর এলাকা থেকে র‌্যাব-১১–এর সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।  

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত নয়টায় উপজেলার মদনপুর এলাকা থেকে র‌্যাব-১১–এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে একটি বিদেশি পিস্তল, একটি দেশি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, চারটি পিস্তলের গুলি, ৬২০টি ইয়াবা বড়ি ও ৫০ হাজার টাকাসহ নাইমুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী রাজু আহম্মেদ (৩২) পালিয়ে যান। এ ঘটনায় নাইমুরসহ দুজনের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।

র‌্যাবের দাবি, নাইমুর রহমান এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তিনি এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছেন। এলাকার লোকজন ভয়ে তাঁর বিরুদ্ধে মুখ খুলত না।