চট্টগ্রামে অস্ত্র, গুলিসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্য গ্রেপ্তার হওয়ার ঘটনায় পৃথক দুটি অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে দুটি অভিযোগপত্রের কোনোটিতেই উদ্ধার করা অস্ত্রের উৎস বা এর জোগানদাতাকে শনাক্ত করা যায়নি।
পুলিশ বলছে, কীভাবে এসব অস্ত্র সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য মেলেনি। এ কারণে অস্ত্রের উৎস শনাক্ত না করেই অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, অস্ত্র সরবরাহকারীকে শনাক্ত করা গেলে দুটি মামলায় পরে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
তবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তদন্তের মাধ্যমে অস্ত্রের উৎস বা জোগানদাতাকে চিহ্নিত করা পুলিশের দায়িত্ব। এটি করা সম্ভব না হলে জঙ্গিদের বিস্তার ঠেকানো যাবে না।
গত বছরের ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় ছিনতাইয়ের পর রাস্তা থেকে একে-২২ রাইফেল, গ্রেনেড এবং ৫ অক্টোবর খোয়াজনগর থেকে পিস্তল, গ্রেনেড, দেড় শতাধিক গুলিসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি।
খোয়াজনগরের অভিযান পরিচালনা করা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, জেএমবি চট্টগ্রামের ‘প্রধান’ রাইসুল ইসলাম ওরফে ফারদিনসহ তাঁর কয়েকজন সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাঁদের ধরা গেলে অস্ত্র-গুলির সরবরাহকারীকে শনাক্ত করা যাবে।
খোয়াজনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় জেএমবির পাঁচ সদস্য সুজন ওরফে বাবু, বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ, মাহবুব ওরফে খোকন, শাহজাহান ওরফে কাজল ও তৌহিদুল ইসলাম ওরফে জাবেদকে। তাঁদের মধ্যে জাবেদকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে কথিত গ্রেনেড বিস্ফোরণে তিনি নিহত হন। পুলিশের দাবি, নিহত জাবেদ জেএমবি চট্টগ্রামের ‘সামরিক প্রধান’। অন্য চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম ওরফে সাজিল এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে নুরনবী ওরফে কালো মটকু নামে জেএমবির আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানায় করা অস্ত্র মামলায় তদন্ত শেষে নগর ডিবির উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী গত বছরের নভেম্বরে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে নিহত হওয়া জাবেদকে বাদ দিয়ে গ্রেপ্তার বুলবুল, সুজন, শাহজাহান, মাহবুবসহ চারজনকে আসামি করা হয়। উদ্ধার করা অস্ত্র-গুলি জঙ্গিরা কোথা থেকে সংগ্রহ করেছেন বা এসব অস্ত্র কে বা কারা তাঁদের দিয়েছে, সে বিষয়ে চার পৃষ্ঠার অভিযোগপত্রে কিছু উল্লেখ করা হয়নি।
জানতে চাইলে লিয়াকত আলী বলেন, গ্রেপ্তার জঙ্গিরা এসব অস্ত্রের বিষয়ে কিছুই জানাননি।
গত বছরের ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাটে ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে জেএমবির দুই সদস্য ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে একে-২২ রাইফেল, গ্রেনেড ও গুলি। এই ঘটনায় সদরঘাট থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। নগর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাছিব খান গত ১০ ফেব্রুয়ারি সাতজনের বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র দেন। এতে কর্ণফুলী থানার অস্ত্র মামলার আসামি বুলবুল আহমেদ, মাহবুব ও শাহজাহানকে অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়। এর বাইরে মিনহাজুল ইসলাম, নুরনবী, রাইসুল ইসলাম ওরফে ফারদিন ও এমরান হোসেন ওরফে সিহাবকেও আসামি করা হয়। তাঁদের মধ্যে ফারদিন ও সিহাব পলাতক রয়েছেন।
এসআই রাছিব খান বলেন, খোয়াজনগর থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তহবিল সংগ্রহের জন্য তাঁরা আটজন সদরঘাটে ছিনতাই করেন। কিন্তু উদ্ধার করা অস্ত্রের বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।