নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি চট্টগ্রাম অঞ্চলের ‘প্রধান’ রাইসুল ইসলাম ওরফে ফারদিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধারের মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রসহ (বহিষ্কৃত) চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। চার মাস তদন্ত শেষে গত মে মাসে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
তদন্তে অস্ত্র ও গুলির উৎস এবং সেনাবাহিনীর পোশাক ও র্যাং ক ব্যাজ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তা জানা যায়নি। এ ছাড়া পুলিশের দেওয়া অভিযোগপত্রে চার আসামির মধ্যে ফারদিনের নামও রয়েছে। গত ৩ এপ্রিল বগুড়ার শেরপুরে বোমা বানাতে গিয়ে তিনি নিহত হন। ঘটনার এক মাস পর গত ৮ মে পুলিশ ফারদিনের পরিচয় নিশ্চিত হয়। পুলিশ বলছে, অভিযোগপত্র দেওয়ার পর তারা জানতে পারে, ফারদিন নিহত হয়েছেন। বিষয়টি আদালতকে শিগগিরই জানানো হবে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ‘গণতান্ত্রিক সরকারকে উৎখাত এবং সরকারকে বিভ্রান্ত করার জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বোমা তৈরি করছে আসামিরা।’
গত বছরের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি এমকে-১১ স্নাইপার রাইফেল, ১২ সেট সেনাবাহিনীর পোশাক ও এক জোড়া র্যাং ক ব্যাজ এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওই দিন রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফারদিন ছাড়া বাকি তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফারদিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের পর পুলিশ জানায়, বাবুল আক্তার জঙ্গি দমনে সাহসী ভূমিকা রাখেন। এ হত্যাকাণ্ডের পেছনে জঙ্গিরা জড়িত থাকতে পারে।
মামলার তিন আসামি হলেন নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। তাঁরা তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। পুলিশের অভিযানে ধরা পড়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনজনকে বহিষ্কার করে। ফারদিনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। কিন্তু তৃতীয় বর্ষে ওঠার পর তিনি পড়ালেখা ছেড়ে দেন। তিনজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমেদ বাদী হয়ে পলাতক ফারদিন এবং গ্রেপ্তার তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে হাটহাজারী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করেন। অস্ত্র ছাড়া বাকি দুটি মামলার তদন্ত চলছে।
গত ১৫ মে আদালতে অস্ত্র মামলায় অভিযোগপত্র জমা দেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আনিস আল মাহমুদ। চার পৃষ্ঠার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘পলাতক ফারদিনের নির্দেশে গ্রেপ্তার তিন আসামি গণতান্ত্রিক সরকারকে উৎখাত এবং সরকারকে বিভ্রান্ত করার জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বোমা তৈরির কথা স্বীকার করেছেন।’
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিস আল মাহমুদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ফারদিনকে ধরতে না পারায় অস্ত্র ও গুলির উৎস জানা যায়নি। গ্রেপ্তার তিনজন তাঁর সহযোগী ছিলেন। সরকারকে উৎখাত করতে বোমা তৈরির কথা স্বীকার করেছেন তাঁরা। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর জানা যায়, ফারদিন বোমা তৈরি করতে গিয়ে নিহত হন। তাঁর বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলোতে তাঁকে নিহত দেখানো হবে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান জানান, হাটহাজারী থানার অস্ত্র মামলায় অভিযোগপত্রটি আদালতে জমা দেওয়ার পর বিচারের জন্য নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। আগামী ২১ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।
গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম আদালতে নাইমুর, ফয়সাল ও শওকতের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী বনমালী ঘোষ। জানতে চাইলে গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, তিনজনের অভিভাবক আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা জঙ্গি নন। তাঁরা নির্দোষ। অভিযুক্ত নাইমুরের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায়, শওকতের বাড়ি কক্সবাজার মহেশখালীতে এবং ফয়সালের বাড়ি নোয়াখালীর সেনবাগে।