অস্ত্র ও ডাকাতির মালামালসহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মোগলাবাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে দেশীয় পাইপগানসহ নয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে মুখোশের কাপড়, স্বর্ণালংকারসহ লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে মোগলাবাজারে একটি বাড়িতে ডাকাতি হয়। এরপরও ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মোগলাবাজারের জলকরকান্দি এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় নয়জনকে আটক করা হয়। তাঁদের কাছে মুখোশ পরার কাপড় দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তাঁদের কাছ থেকে কার্তুজসহ একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চারজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে, দুজনের বাগেরহাটে। একজন করে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও সুনামগঞ্জের। তাঁদের কাছ থেকে সম্প্রতি মোগলাবাজারে ডাকাতি হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তাঁরা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে।