অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ সাহিদা বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ সাহিদাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ইতালির তৈরি একটি পিস্তল, দুটি গুলি, দুটি চাপাতি, দুটি ছোরা, প্রায় ৫০ গ্রাম ওজনের গানপাউডার ও শতাধিক মার্বেল।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকারের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সকালে কামাল হোসেনের বাড়িটি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল বাড়ি থেকে পালিয়ে যান। পরে ঘর তল্লাশি করে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ কামালের স্ত্রী সাহিদাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামানের ভাষ্য, এ ঘটনায় ডিবি বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছে।