অস্ত্র ও র‍্যাবের ভুয়া পোশাকসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকলি মোড় থেকে অস্ত্র ও র‍্যাবের ভুয়া পোশাকসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুজন পালিয়ে গেছেন। পুলিশ বলছে, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সঞ্জয় সরকার (৩৮), বাদশাহ মিয়া (৩২), সেলিম (৪০) ও হারুন-অর-রশীদ (৩৫)। সঞ্জয়ের বাড়ি আশুলিয়ার বাড়াইপাড়ায়, বাদশার বাড়ি মাগুরার আড়াপাড়ার গ্রন্থারামপুরে, সেলিমের বাড়ি পটুয়াখালীর সাইতাবুনিয়ায় এবং হারুনের বাড়ি বরিশালের গৌরনদীর কুতুবপুরে।

ট্রাফিকের গুলশান বিভাগের সহকারী কমিশনার জুনায়েদ আলম সরকার প্রথম আলোকে বলেন, কাকলি মোড়ে তাঁরা গাড়ির কাগজ নিয়মিত পরীক্ষা করছিলেন। তারই অংশ হিসেবে একটি রঙের মাইক্রোবাসকে থামিয়ে কাগজ পরীক্ষা করছিলেন। হঠাৎ গাড়ি থেকে দুজন লোক বের হয়ে পালিয়ে যায়। তখন তাদের সন্দেহ হলে তাঁরা গাড়ি তল্লাশি চালান। তাদের কাছে একটি পিস্তল, একটি ওয়াকিটকি এবং র‍্যাবের তিনটি ভুয়া পোশাক পাওয়া যায়। পরে তাঁদের আটক করে বনানী থানায় হস্তান্তর করা হয়।

বনানী থানার এসআই শেখ মিজানুর রহমান বলেন, তাঁদের থানায় এনে আটক করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে এরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।