অস্ত্র-গুলিসহ কাউন্সিলর ও সহযোগী গ্রেপ্তার
রংপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলর ও তাঁর সহযোগীকে অস্ত্র এবং গুলিসহ গ্রেপ্তার করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আজ শনিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
র্যাবের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে নগরের পশ্চিম রেল কলোনির একটি বাড়ি থেকে ওই দুজনকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলিসহ আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহমেদ (৪০) ও তাঁর সহযোগী ফারুক হোসেন (৩৮)। কাউন্সিলরের বাড়ি ওয়ার্ডের মনোহরপুর এলাকায়। সহযোগীর বাড়ি দেওডোবা এলাকায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে আজ অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল গতকাল রাতে ওই অভিযান চালায়। এ সময় ওই কাউন্সিলর ও তাঁর সহযোগীকে অস্ত্র এবং গুলিসহ আটক করা হয়।