অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নৈশপ্রহরীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম নগরের কাট্টলী ও রাঙ্গুনিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের কাছ থেকে এলজি, কার্তুজ, ল্যাপটপ, মুঠোফোন ও দুই ভরি সোনা উদ্ধার করা হয়েছে। ছয়জনের বিরুদ্ধে জেলার ডাকাতির মামলা রয়েছে।
গত মঙ্গলবার রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন বাজারের নৈশপ্রহরী তপন বিশ্বাসকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন সকালে বাজারের একটি দোকানের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ছেলে উত্তম বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক (গণমাধ্যম) সন্তোষ কুমার চাকমা বলেন, তপনকে খুনের দিন রাতে ডাকাতদল উপজেলার মজুমদার খিল এলাকায় শাহ আলম নামের এক ব্যক্তির ঘরে ডাকাতি করে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন ও ল্যাপটপ নিয়ে যায়। এগুলো নিয়ে যাওয়ার সময় তারা নৈশপ্রহরীকে শ্বাসরোধে খুন করে। এ ঘটনায় যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য। গ্রেপ্তার ডাকাতেরা নৈশপ্রহরীকে খুন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।