অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাই, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইন ও যাত্রাবাড়ীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার ভোরে এই দুটি ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক আলাউদ্দিন (বয়স প্রায় ২০ বছর) ও গৃহিণী সাথী আক্তার (বয়স প্রায় ২৫ বছর)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকার গাবতলীতে তিনজন যাত্রী আলাউদ্দিনের অটোরিকশাতে ওঠেন। জুরাইনের কদমতলীতে তাঁরা নামেন। ভাড়া নেওয়ার জন্য তাঁরা আলাউদ্দিনকে অটোরিকশা থেকে নামতে বলেন। নামার পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিনকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাঁকে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যান। স্থানীয় লোকেরা আলাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক আহত আলাউদ্দিনকে নিয়ে আসার খবর নিশ্চিত করেছেন।

যাত্রাবাড়ীতে আজ ভোর চারটার দিকে সাথী আক্তার (বয়স প্রায় ২৫ বছর) নামে এক গৃহিণীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথী আক্তারের স্বামী শহীদুল ইসলাম বলেন, তাঁদের বাসায় রোকম আলী নামে এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে সাবলেটে থাকতেন। কয়েক দিন আগে তাঁর স্ত্রী বাড়ি যায়। তিনি (শহীদুল ইসলাম) গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে বেরিয়ে যান। তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী। ভোর চারটার দিকে রোকম আলী সাথী আক্তারের ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা খোলার পর ছুরিকাঘাত করে আলমারিতে থাকা এক লাখ টাকা, তিন ভরি সোনা ও একটি মুঠোফোন নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথী আক্তারকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।