অস্ত্র দিয়ে দোকানিকে ফাঁসানোর অভিযোগ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) জের ধরে নুর মোহাম্মদ (৪৫) নামের এক দোকানিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার চকরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নুর মোহাম্মদের স্ত্রী রেনোয়ারা বেগম এ অভিযোগ করেন।
গত রোববার দিবাগত রাত দুইটার দিকে উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া গ্রাম থেকে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি দেশীয় বন্দুক উদ্ধারের দাবি করে কোস্ট গার্ড।
সংবাদ সম্মেলনে রেনোয়ারা বেগম বলেন, নুর মোহাম্মদ কাঁকড়া ও লবণ চাষ করেন। পাশাপাশি বাড়ির পাশে পানের দোকান করেন। গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি সদস্য পদপ্রার্থী এনামুল হকের পক্ষে কাজ করেন। এতে জয়ী প্রার্থী জাফর আলম ক্ষিপ্ত হন। জাফর আলম লোক দিয়ে তাঁদের আঙিনায় বস্তায় করে দুটি অকেজো অস্ত্র ফেলে রেখে যান। সে সময় নুর মোহাম্মদ পরিবারের সদস্যদের নিয়ে ঘুমে ছিলেন। কোস্ট গার্ড তাঁর স্বামীকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্র কোথায় রেখেছে, কারা অস্ত্র নিয়ে এসেছে—এ নিয়ে নানা জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে কোস্ট গার্ডের তিনজন সদস্য আঙিনা থেকে বস্তায় রাখা দুটি অস্ত্র উদ্ধার করেছেন বলে জানান। এরপর তাঁর স্বামীকে বেঁধে নিয়ে যান কোস্ট গার্ডের সদস্যরা।
পেকুয়া থানায় কোস্ট গার্ড মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গোপন সূত্রে কোস্ট গার্ড জানতে পারে, কতিপয় জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। কোস্ট গার্ডও পাল্টা তিনটি গুলি ছোড়ে। এতে ডাকাতেরা পিছু হটলে নুর মোহাম্মদকে দেশে তৈরি দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গতকাল কোস্ট গার্ড মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হক বলেন, ‘নুর মোহাম্মদের বিরুদ্ধে মহেশখালী থানায় চারটি মামলা রয়েছে। কিছুদিন আগেও তিনি একটি নৌকা ডাকাতি করেছেন। নুর মোহাম্মদকে আমরা ঘর থেকে গ্রেপ্তার করিনি। তাঁকে বেড়িবাঁধের ওপর থেকে ধরা হয়।’
উজানটিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য জাফর আলম বলেন, ‘আমার সঙ্গে কারও বিরোধ নেই। অস্ত্র দিয়ে কাউকে ফাঁসাতে যাব কেন?’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, নুর মোহাম্মদকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নুর মোহাম্মদের পরিবার যেসব অভিযোগ তুলেছে তা যদি তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকে তাহলে খতিয়ে দেখা হবে।