অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, পুলিশের সোর্স গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অস্ত্র দিয়ে এক প্রবাসীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে মেরাজ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মেরাজ আলী স্থানীয়ভাবে পুলিশের সোর্স (তথ্যদাতা) হিসেবে পরিচিত। গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জমির আলীর ছেলে মেরাজ আলী একসময় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন। কয়েক বছর ধরে তিনি সরাইল থানার সোর্স হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন। গত মঙ্গলবার রাতে মেরাজের দেওয়া তথ্যের ভিত্তিতে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম কলেজছাত্রী রত্না বেগমকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত ডাকাত ধরতে ইসলামাবাদ গ্রামে অভিযান চালান। পুলিশ ওই গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী নুরুল ইসলামের (৫০) বাড়ির সীমানা দেয়ালের ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ সময় মেরাজ আলী পুলিশকে বোঝানোর চেষ্টা করেন অস্ত্রটি নুরুল ইসলামের এবং তিনি ইসলামাবাদ গ্রামের কলেজছাত্রীর খুনের ঘটনার সঙ্গে জড়িত।
এরপর পুলিশ গতকাল দিনভর তদন্ত শেষে মেরাজ আলীকে গ্রেপ্তার করে। পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। গতকাল মেরাজ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে এসআই আবদুল আলীম প্রথম আলোকে বলেন, মেরাজ আমাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। শিগগিরই তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
থানাহাজতে আটক থাকা অবস্থায় মেরাজ সাংবাদিকদের বলেন, ‘নুরুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলামের (৩৮) প্ররোচনায় আমি এ কাজ করেছি। তিনি (শফিক) আমাকে দুই হাজার টাকা দিয়েছেন। আরও দুই হাজার টাকা দেওয়ার কথা ছিল।’
নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম মিরাজের ওই দাবি নাকোচ করে দিয়ে বলেন, তাঁদের দুই ভাইয়ের মধ্যে কোনো বিরোধ নেই। মেরাজ মিথ্যা বলছে। ধরা পড়ার পর সে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
১৪ নভেম্বর রাতে নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ডাকাতি করার সময় কলেজছাত্রী রত্না বেগমকে ডাকাতেরা কুপিয়ে হত্যা করে। রত্না বিজয়নগর উপজেলার কাজী শফিকুল ইসলাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান (অনার্স) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, ‘মেরাজ বিভিন্ন সময়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলেও এটি তাঁর কাজ বলেই আমরা নিশ্চিত হয়েছি। এ জন্যই তাঁকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছি।’