অস্ত্র দেখিয়ে জমি দখল সোমনাথের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের সংখ্যালঘুবিষয়ক উপদেষ্টা সোমনাথ দের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটায় অস্ত্র দেখিয়ে তিন ব্যক্তির প্রায় ৬ একর জমি দখলের অভিযোগ উঠেছে। দখল করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিও। এ ছাড়া ৯৫ একরের একটি সরকারি জলমহাল দখলের পাঁয়তারা চলছে।

এ ব্যাপারে সোমনাথ দে বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকলে যে কেউ আইনের আশ্রয় নিতে পারেন।

সোমনাথ দে জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারণ সম্পাদক, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের ভগবতীপুর গ্রামে প্রস্তাবিত ‘কুমির চাষ প্রকল্পে’র নামে ওই জমি দখল করেন। তবে প্রকল্পটির ব্যবস্থাপক অঞ্জন পোদ্দারের ভাষ্য, প্রকল্পটির জন্য তিন-চারজনের কাছ থেকে প্রায় ২৫ বিঘা জমি কেনা হয়েছে। আপাতত বর্ষার কারণে কাজ বন্ধ আছে। অনুমতি পেতে মন্ত্রণালয় থেকে শুরু করে সব দপ্তরে মালিকপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় লোকজন বলেন, তিন-চার বছর আগে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের গোপী পাগলা গ্রামের কৃষক নারায়ণ চন্দ্র রায় স্থানীয় তপন সরদার নামের একজনের মাধ্যমে ঢাকার ব্যবসায়ী এস এম এইচ আজাদের কাছে ২ একর ৬৮ শতক জমি বিক্রি করেন। তপন জানান, আধুনিক ইটভাটার জন্য আজাদ জমি কেনার পর থেকে তাঁকে দেখাশোনার দায়িত্ব দেন। পরে ভাটা না হওয়ায় তা সোমনাথের কাছে বিক্রি করা হয়েছে।

নারায়ণ চন্দ্র রায় বলেন, তিনি ২ একর ৬৮ শতক জমি বিক্রি করেছিলেন। কিন্তু ওই জমির পাশের আরও ৩৪ শতক জমি মাটির বাঁধ দিয়ে ঘিরে দখলে নিয়েছেন সোমনাথ। এ ব্যাপারে তাঁকে কিছু বলতে গেলেই বন্দুক নিয়ে ভয় দেখান।

নারায়ণ চন্দ্রের জমির পাশেই একই এলাকার সাবেক ইউপি সদস্য কার্তিক চন্দ্র রায়ের ৩ একর জমি দখলে নিয়েছেন সোমনাথ। কুমির প্রকল্প-সংলগ্ন বেড়িবাঁধের অন্য পাশে রয়েছে কার্তিকের আরও ৪ একর জমি। সেটিও দখলের পাঁয়তারা করছেন জাপার এই নেতা।

কার্তিক বলেন, গত মার্চের প্রথম দিকে এলাকার দুজন লোক তাঁকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় একটি হোটেলে নিয়ে যান। সেখানে আগে থেকে ছিলেন জাপা নেতা সোমনাথ। সে সময় এই নেতা তাঁর কাছে পুরো ৭ একর জমিই বিক্রি করতে বলেন। রাজি না হওয়ায় এলাকাছাড়া করার ভয় দেখান। এরপর ২৯ মার্চ সোমনাথ লোকজন ও অস্ত্র নিয়ে এসে ৩ একর জমি মাটির বাঁধ দিয়ে ঘিরে দখল করেন। ওই জমিতে আইল দিয়ে মাছ চাষ করা ছিল। আইলও কেটে দেওয়া হয়েছে।

কার্তিক আরও বলেন, বাঁধ দেওয়ার সময় বাধা দিলে সোমনাথের লোকজন তিনি (কার্তিক) ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে তাড়িয়ে দেন। এ সময় সোমনাথ পিস্তল দিয়ে দুটি ফাঁকা গুলিও করেন। গত ৪ জুলাই আইলের কাটা অংশ মেরামত করতে গেলে ওই নেতার লোকজন আবারও কার্তিককে মারধর করে তাড়িয়ে দেন। এরপর জমিতে অনধিকার প্রবেশ করে হত্যাচেষ্টার অভিযোগে ৯ জুলাই কার্তিক, তাঁর স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা করেন সোমনাথের কুমির প্রকল্পের ব্যবস্থাপক অঞ্জন পোদ্দার।

কার্তিকের জমির পাশেই সাবিত্রী নামে আরেকজনের প্রায় আড়াই একর জমি সোমনাথ দখল করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, কুমিরের খামার প্রকল্পের পাশেই প্রায় ৯৫ একরের একটি সরকারি জলমহাল রয়েছে। দক্ষিণ খুলনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে স্থানীয় লোকজন এটি ইজারা নিয়ে মাছ চাষ করেন। সোমনাথ জলমহালটিও নিজের নামে নিতে পাঁয়তারা শুরু করেছেন। এ কারণে ভগবতীপুর, রায়পুর, ফুলবাড়ী, গোপী পাগলা ও তেলিখালি গ্রামের প্রায় ১ হাজার পরিবার চিন্তিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সমবায় সমিতিটির পরিচালক মো. আল ইমরান প্রথম আলোকে বলেন, জলমহালটি ছেড়ে দিতে সোমনাথ ও তাঁর সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রকল্প এলাকার এক পাশে পাউবোর বেড়িবাঁধ, অন্য পাশে মাঙ্গা নদী। নদীর কূল ঘেঁষে বেশ খানিকটা এলাকাজুড়ে কয়েক খণ্ড জমি বাঁধ দিয়ে ঘেরা। এর মধ্যে দুই খণ্ডে ‘বায়না সূত্রে এই জমির মালিক সোমনাথ দে’ এমন সাইনবোর্ড পোঁতা। এর এক খণ্ডে ‘সাউথ বাংলা রেপটাইল ফার্ম লিমিটেড’ নামের আরেকটি সাইনবোর্ড রয়েছে। এসব জমির মাঝে থাকা ছোট ছোট আইলের বিভিন্ন অংশ কেটে একটির সঙ্গে অন্যটি মিশিয়ে দেওয়া হয়েছে। পাউবোর বেড়িবাঁধে তোলা হয়েছে টিন ও বাঁশের ঘর। বেড়িবাঁধের গা ঘেঁষে কয়েক বিঘা জমির ওপর পুকুর কাটা হয়েছে।

পাউবোর খুলনা-২ (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুণ্ডু বলেন, ‘ওই স্থানে পাউবোর জমি দখল করে কুমির প্রকল্প হচ্ছিল। মাস দুই আগে তাঁদের চিঠি দিয়ে ডেকে আমরা সেটা বন্ধ করতে বলেছি। সরকারি জমিতে যে পুকুর করা হয়েছে, তা বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে। আর বেড়িবাঁধের ওপরে তাঁদের সব ধরনের স্থাপনাও সরাতে বলা হয়েছে।’

অস্ত্র দেখিয়ে জমি দখলের অভিযোগের ব্যাপারে সোমনাথ দে গতকাল বুধবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এই যুগে অস্ত্র দেখিয়ে কি কিছু করা সম্ভব? দেশে তো আইন আছে। আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ থাকলে অভিযোগকারীরা আইনের আশ্রয় নিক। সাংবাদিকদের বললে কী হবে।’ পাউবোর জমিতে পুকুর খনন ও ঘর তোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাউবোর কাছ থেকে ওই জমি দীর্ঘ মেয়াদে ইজারা নেওয়ার চেষ্টা করছি।’ সোমনাথ আরও বলেন, ‘আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে।’