অস্ত্র ফেরত পেলেন আ.লীগের ছয় নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সরকারি দলের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছয়টি অস্ত্র বৈধ মালিকদের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি শটগান ও একটি বন্দুক। গত মঙ্গলবার বিকেলে ফেনী আদালতের মালখানা থেকে অস্ত্রগুলো বৈধ মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
গত বছরের ৬ জুন ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, পাঁচটি শটগান, একটি বিদেশি দোনলা বন্দুক, ৪টি এলজি, ১৬টি রামদা, ২টি চায়নিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি চাকু, পিস্তলের ১৩টি গুলি ও এলজির ১২০টি গুলি উদ্ধার করে র্যা ব।
ওই সময় র্যা ব-৭ ফেনী ক্যাম্পের তৎকালীন অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেছিলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র অবৈধ। অস্ত্রের লাইসেন্স থাকার দাবি করা হলেও কেউ বৈধ মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি।
আদালত সূত্র জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর ফেনীর মুখ্য বিচারিক হাকিম মশিউর রহমান খান জব্দ করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছয়টির প্রতিটি এক লাখ টাকা জিম্মানামা দাখিল সাপেক্ষে বৈধ মালিকদের কাছে ফেরত দেওয়ার আদেশ দেন। আদালতের আদেশের পর মঙ্গলবার বিকেলে ফেনীর বিচারিক হাকিম আদালতের মালখানা থেকে বৈধ মালিকদের আগ্নেয়াস্ত্র বুঝিয়ে দেওয়া হয়।
ছয়টি অস্ত্র যাঁদের ফেরত দেওয়া হয়েছে, তাঁরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওমর ফারুক খান, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান, ফেনী পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর লুৎফর রহমান এবং ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী।
আদালতের আদেশে বলা হয়েছে, অস্ত্র গ্রহণকারী ব্যক্তিরা অস্ত্রের কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন বা হস্তান্তর করতে পারবেন না। মামলার প্রতি ধার্য তারিখে অস্ত্রগুলো ফেনী মডেল থানার ওসির কাছে হাজির করবেন এবং এ বিষয়ে স্পেশাল ট্রাইব্যুনাল চূড়ান্ত নিষ্পত্তি করবেন।
ফেনীর বিচারিক হাকিম আদালতের মালখানার দায়িত্বরত উপপরিদর্শক মাহবুবুর রহমান বলেন, প্রতিটি আগ্নেয়াস্ত্রের বিপরীতে এক লাখ টাকার বন্ড ও লিখিত প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করা হয়েছে।
জানতে চাইলে দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনিসহ ছয়জন তাঁদের বৈধ অস্ত্র বুঝে পেয়েছেন।