অস্ত্র, বোমাসহ দুই ছাত্রশিবির নেতা গ্রেপ্তার: র্যাব
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কদমতলী এলাকা থেকে ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। র্যাব বলছে, গতকাল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ককটেল, বোমাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, জয়পুরহাট ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী (২৮)। তাঁর বাড়ি নিলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে। আরেকজন হলেন, ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর আলী (২২)। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা জংলুপাড়া গ্রামে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে আবুজার গিফারী ও ওমর আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার, ২১টি ককটেল, ছয়টি দেশীয় বোমা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও পাঁচবিবি থানায় নাশকতার মামলাও রয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদারের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা হয়েছে।