অস্ত্র ব্যবসা ও ডাকাতির অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত শনিবার ও গতকাল রোববার আটজনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানায়, এঁদের মধ্যে অস্ত্র ব্যবসায়ী তিনজনকে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ডাকাতির অভিযোগে অপর পাঁচজনকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়।
ডিবি জানায়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে মনিরুজ্জামান (৩৯), কামাল হোসেন (৩৬) ও রুহুল আমিন (৩০) অস্ত্র ব্যবসায়ী। ডাকাতির অভিযোগে আটক হওয়া পাঁচজন হলেন জুলহাস আকন (৪৮), আবদুস সাত্তার (৪৫), আবদুস সাত্তার ঢালী ওরফে রকি হোসেন (৩২), মো. এমদাদ হোসেন ও কামাল ওরফে পিচ্চি কামাল (৪০)।
এ নিয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গতকাল সকাল পৌনে আটটার দিকে কল্যাণপুরে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসার অভিযোগে মনিরুজ্জামান, কামাল ও রুহুল আমিনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি গাড়ি, পাঁচটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪টি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে অস্ত্রের ক্রেতাদের কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে।
এদিকে লালবাগ থানার আজিমপুর রোড এলাকা থেকে গত শনিবার রাতে ডাকাতির অভিযোগে জুলহাস, সাত্তার, রকি ও এমদাদকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, সাতটি গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মীর হাজিরবাগ থেকে একটি শাটারগানসহ তাঁদের সহযোগী পিচ্চি কামালকে আটক করা হয়।
ডিবি জানায়, আটক পাঁচজন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বাসাবাড়ি ও দোকানপাটে ডাকাতি করতেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে।