অস্ত্র ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ায় পুলিশকে গণপিটুনি
অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগে গতকাল রোববার রাজশাহীর চারঘাটে জনতা এক পুলিশ সদস্যকে পিটুনি দিয়ে আটকে রাখে। পরে চারঘাট থানার পুলিশ ও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার গিয়ে আটক পুলিশ সদস্যকে উদ্ধার করেন। তাঁরা অস্ত্র ব্যবসায়ীর ফেলে যাওয়া পিস্তল ও পাঁচটি গুলিও উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সন্ধ্যার পরে চারঘাট থানার উপপরিদর্শক তৌফিক পারভেজ পুলিশভ্যান নিয়ে একটি মোটরসাইকেলকে অনুসরণ করছিলেন। মোটরসাইকেলে দুজন আরোহী ছিলেন। উপজেলার হলিদাগাছি রেল গেটের কাছে এসে মোটরসাইকেল রেখে আরোহীরা পাশের একটি চায়ের দোকানে চা পান করতে বসেন। উপপরিদর্শক তৌফিক পারভেজ সেখানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে শুরু করেন। এ সময় মোটরসাইকেল আরোহীদের একজন সেখান থেকে উঠে গিয়ে পাশের নারায়ণ নামের এক ব্যক্তির বাড়ির ভেতরে ঢুকে আবার ফিরে আসেন এবং পুলিশের উপপরিদর্শকের সঙ্গে চা পান করতে বসেন।
কিছুক্ষণের মধ্যে নারায়ণ চায়ের দোকানে এসে ওই মোটরসাইকেল আরোহীকে তাঁর জিনিসটি নিয়ে আসতে বলেন। কিন্তু তাঁর কথায় কান না দিলে তিনি ওই মোটরসাইকেল আরোহীর কলার চেপে ধরেন। এ সময় নারায়ণকে ধমক দেন সাদাপোশাকের পুলিশ সদস্য। নারায়ণ বলেন, তাঁর বাড়িতে এই লোক মারাত্মক ঘটনা ঘটিয়ে এসেছে। এ কথা বলার পরও পুলিশ সদস্য উল্টো নারায়ণকেই ধাক্কা দেন। এবার নারায়ণ ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে পুলিশের কলার চেপে ধরেন। তখন পুলিশের সদস্য নিজেকে চারঘাট থানার পুলিশ বলে পরিচয় দেন। কিন্তু সাদাপোশাকে থাকায় নারায়ণ তাঁকে পুলিশ বলে বিশ্বাস করেননি। ভুয়া পুলিশ বলে তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। ঘটনা দেখে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা ভুয়া পুলিশ মনে করে উপপরিদর্শক তৌফিক পারভেজকে পেটাতে শুরু করেন। এ সময় বাবর আলী নামের এক ব্যক্তি উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ সদস্যকে উদ্ধার করে তাঁর বাড়িতে নেন।
এই সুযোগে মোটরসাইকেল ফেলে দুই অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যান। এ সময় প্রায় দুই হাজার মানুষ এলাকা ঘিরে ফেলেন। খবর পেয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার গোলাম মর্তুজা ও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক সেখানে গিয়ে নারায়ণের বাড়ি থেকে পিস্তলসহ পাঁচটি গুলি উদ্ধার করেন। বাবর আলীর বাড়ি থেকে পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। এর আগেই পুলিশভ্যানের চালক গাড়ি রেখে পালিয়েছিলেন। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি গাড়ি নিয়ে যান।
ঘটনাস্থল থেকে রাত সাড়ে আটটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক জানান, তিনি এলাকার মানুষের বক্তব্য শুনেছেন। এখন থানায় গিয়ে পুলিশের কথা শুনবেন। তিনি বলেন, তাঁর ধারণা, একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। জনতা উত্তেজিত না হলে দুই অস্ত্র ব্যবসায়ীকে ধরা যেত। তিনি দাবি করেন, পুলিশ সদস্যের গায়ে কেউ হাত দেয়নি। নিরাপত্তার জন্য তাঁকে বাবর আলী আটকে রেখেছিলেন।