অস্ত্র, মাইক্রোবাসসহ পাঁচজন গ্রেপ্তার
রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্র, মাইক্রোবাসসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মোহাম্মদ আলী, আবদুর রহিম, জামাল হোসেন, সবুজ হাওলাদার ও ফরহাদ মিয়া।
গত বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তত্ত্বাবধানে পরিচালিত এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এঁরা ডাকাত দলের সদস্য।
ডিবির উপকমিশনার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির জন্য জড়ো হয়েছেন—এমন তথ্য পেয়ে গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মুগদা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি চাপাতি, ছয়টি ককটেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
অভিযান পরিচালকারী ডিবির জেষ্ঠ্য সহকারী কমিশনার সিগ্ধ আখতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা রাজধানীর বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় জড়িত।