অস্ত্র, মাদকসহ এক ব্যক্তি আটক
আগ্নেয়াস্ত্র ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
আটক ব্যক্তির নাম মো. আলম (৩২)। তিনি দিনাজপুর সদর উপজেলার পুতুর বাজার এলাকার মৃত খতিব উদ্দিনের ছেলে।
র্যাব দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে জানান, গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, পুতুর বাজার এলাকার আলমের বাড়িতে মাদকের একটি চালান আসবে। খবর পেয়ে রাত ১টার দিকে তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল আলমের বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় আলমের ঘরের একটি টেবিলের ড্রয়ার থেকে ২৪ পুরিয়া হেরোইন ও ২টি পিস্তলের গুলি জব্দ করা জয়। পরে আলমের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির পাশের খড়ের গাদার মধ্যে রাখা ২৭১ বোতল ফেনসিডিল এবং ১টি ওয়ান শুটার পিস্তল জব্দ করা হয়েছে।
মেজর নাজমুছ সাকিব জানান, মাদক ও অস্ত্রের আরও তথ্য পেতে জিজ্ঞাসাবাদ শেষে আলমকে পুলিশে সোপর্দ করা হবে।