অস্ত্র, মাদকসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, মাদকসহ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট। তিনি শহরের কমলাপুরের বাসিন্দা। পেশায় ঠিকাদার। সম্রাটের মা শাহানাজ সুলতানা কুষ্টিয়া পৌরসভার সংরক্ষিত নারী (১, ২ ও ৩ ওয়ার্ডের) কাউন্সিলর।

অপরজন হলেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মিরপুর পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আল হেলাল।

কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম গ্রেপ্তার দুজনের দলীয় পরিচয় প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গড়াই নদের জিকে ঘাট এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে—এমন গোপন তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থান করা সম্রাটকে আটক করে ডিবি। তাঁর দেহ তল্লাশি করে কোমর থেকে ছয়টি গুলিভর্তি একটি অত্যাধুনিক বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। পরে তাঁকে রাতেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর বিরুদ্ধে ডিবির উপপরিদর্শক আবদুল হালিম বাদী হয়ে অস্ত্র আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। পরে আদালতের মাধ্যমে বিকেলে তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।

এদিকে বুধবার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর থানার পুলিশ মিরপুর পৌর এলাকার আদর্শপাড়ার নিজ বাড়ি থেকে আল হেলালকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও ১৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ বলেন, আল হেলালের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।