অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র ও গুলি রাখার দায়ে বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দ্বিতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. মাকসুদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পলাতক বেলাল হাটহাজারী উপজেলার মো. মফজলের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. মহিউদ্দিন প্রথম আলোকে জানান, ২০০৩ সালের ১৭ মার্চ নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় অভিযান চালিয়ে আসামি বেলালের কাছ থেকে একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চান্দগাঁও থানার পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করলে একই বছরের ২৪ অক্টোবর অভিযোগপত্র দেয় পুলিশ। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালতে এ রায় দেন। তিন বছর আগে জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি। রায়ের আদেশে বিচারক উল্লেখ করেন, অস্ত্র রাখার দায়ের ১০ বছর এবং গুলি রাখার দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো। তবে দুটি সাজা একসঙ্গে চলবে।