অস্ত্র মামলার আসামি হচ্ছেন সাংসদ আমানুরের দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলায় ফেঁসে যাচ্ছেন টাঙ্গাইলের আলোচিত সাংসদ আমানুর রহমান খানের দুই ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাকন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পা। এই দুজনের কাছ থেকেই সম্প্রতি অস্ত্রসহ আটক সাংসদ আমানুরের মামাতো ভাইয়ের ছেলে রেজোয়ান খান ওরফে পুনম অস্ত্র পেয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, পুনম জানিয়েছেন, অস্ত্রগুলো তাঁকে জাহিদুর ও সানিয়াত দিয়েছিলেন। যাচাই-বাছাই করে এর সত্যতা মিলেছে। তাই এই মামলার অভিযোগপত্রে তাঁদের নাম এসে যাবে।
পুনমকে গত ২৭ ডিসেম্বর টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ তাঁর শহরের আকুরটাকুর পাড়ার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এ সময় তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, একটি রিভলবার, কিছু বিস্ফোরক, দা-চায়নিজ কুড়ালসহ ২০টি দেশীয় অস্ত্র ও ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পুনমের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে তিনটি পৃথক মামলা করেন। ২৮ ডিসেম্বর পুনমকে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। পরে ৫ জানুয়ারি তাঁকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে আনা হয়। রিমান্ড শেষে বৃহস্পতিবার পুনমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পুনম জানিয়েছেন, জাহিদুর ও সানিয়াত তাঁদের হয়ে এলাকায় আধিপত্য ধরে রাখা, আতঙ্ক সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য এই অস্ত্র দিয়েছিলেন। তাঁর মতো আরও যাঁদের অস্ত্র দেওয়া হয়েছে, তাঁদের নামও পুনম গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি এই হত্যাকাণ্ডে সাংসদ আমানুর, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি, জাহিদুর ও সানিয়াতের জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পর থেকে এই চার ভাই এলাকায় নেই।