অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিরেরখিল এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে মো. আবু তাহের (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পাঁচলাইশ থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
আবু তাহেরের বাড়ি হাটহাজারীর চন্দ্রপুরে। গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, ২০০৯ সালে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় আবু তাহেরের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়। ২০১৬ সালের জানুয়ারিতে ওই মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার পর থেকে আবু তাহের পলাতক ছিলেন। মামলার রায় হওয়ার পর পুলিশ তাঁকে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরেরখিল এলাকা থেকে তাহেরকে গ্রেপ্তার করা হয়।
এসআই নাসির জানান, গ্রেপ্তারের পর তাহেরের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় আরেকটি অস্ত্র মামলা করা হয়। আবু তাহেরকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।