অস্ত্র মামলায় কাদের খানের বিরুদ্ধে অভিযোগপত্র
গাইবান্ধার সাংসদ মনজুরুল হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল কাদের খানকে অস্ত্র মামলায় অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহীদুল্লাহর আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোক্তারুল আলম। গত বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করা হলেও আজ রোববার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান মুঠোফোনে অভিযোগপত্র দাখিলের কথা নিশ্চিত করে বলেন, অভিযোগপত্রের বিষয়ে রোববার কোনো শুনানি হয়নি। শুনানি হবে জেলা জজ আদালতে।
ওসি আরও জানান, আবদুল কাদের খান অবৈধভাবে অস্ত্র ব্যবহার করতেন। সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামের নিজ বাড়ির উঠোনের গর্ত থেকে ছয়টি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাদের খানকে একমাত্র আসামি করে গত ২৫ ফেব্রুয়ারি অস্ত্র আইনে সুন্দরগঞ্জ থানায় মামলা করা হয়। অভিযোগপত্রে শুধু কাদের খানকে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে কাদের খান জেলা কারাগারে রয়েছেন।
গত ২১ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া জেলা শহরে কাদের খানের গরীব শাহ ক্লিনিক থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২২ ফেব্রুয়ারি কাদের খানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের চতুর্থ দিনের মাথায় আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় মনজুরুল ইসলামের বড় বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।