অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হলো চার জেএমবি সদস্যকে
চট্টগ্রাম নগরের সদরঘাট থেকে একে-২২ রাইফেল উদ্ধারের মামলায় নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার জঙ্গিকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন শুনানি শেষে এ আদেশ দেন।
চার জেএমবির সদস্য হলেন বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ, মিনহাজুল ইসলাম ওরফে সজীব, মাহবুবুর রহমান ওরফে খোকন ও শাহজাহান ওরফে কাজল।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় তহবিল সংগ্রহের জন্য ছিনতাই করে জেএমবির জঙ্গিরা। এ সময় গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি এবং গুলিতে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি একে-২২ রাইফেল উদ্ধার করে। এ ঘটনায় সদরঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়। এরপর গত ৫ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে জঙ্গিদের গ্রেপ্তারের পর তারা সদরঘাটে তহবিল সংগ্রহের জন্য ছিনতাইয়ের কথা স্বীকার করে। অস্ত্র দুটি জেএমবি চট্টগ্রামের প্রধান ফুয়াদ (পলাতক) দিয়েছে বলেও তারা স্বীকার করেছে। চার জঙ্গিকে অস্ত্র মামলাতেও গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার এসআই বিকাশ রঞ্জন চৌধুরী আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।