অস্ত্র মামলায় গ্রেপ্তার হলেন জেএমবির ৪ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (​জেএমবি)-এর চার সদস্যকে সদরঘাটে একে ২২ রাইফেল উদ্ধারের মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন শুনানি শেষে এ আদেশ দেন।
গ্রেপ্তার এই চারজন হলেন বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ, মিনহাজুল ইসলাম ওরফে সজীব, মাহবুবুর রহমান ওরফে খোকন ও শাহজাহান ওরফে কাজল।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় তহবিল সংগ্রহের জন্য একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের কাজে অংশ নেন জেএমবির জঙ্গিরা। ওই সময় নিজেদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্থলেই এক জ​ঙ্গি নিহত হন। আর গুলিবিদ্ধ হন ওই ব্যবস্থাপক। পরে হাসপাতালে চিকিৎ​সাধীন অবস্থায় আরেক জঙ্গি এবং ব্যবস্থাপক মারা যান। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি একে ২২ রাইফেল উদ্ধার করে। এ ঘটনায় সদরঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়।
৫ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজ নগর এলাকা থেকে এই জঙ্গিদের গ্রেপ্তারের পর তাঁরা সদরঘাটে তহবিল সংগ্রহের জন্য ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। অস্ত্র দুটি তাঁদের জেএমবি চট্টগ্রাম শাখার প্রধান ফুয়াদ (পলাতক) দিয়েছে বলেও জানিয়েছে। তাই গ্রেপ্তার চার জঙ্গিকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ রঞ্জন চৌধুরী আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখান।