অস্ত্র মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবু তাহের মামুন নামের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস এলাকায় তাঁর বাসা থেকে তিনি গ্রেপ্তার হন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। এ সময় তাঁর বাসা থেকে নগদ ৫ লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত বছরের ২ নভেম্বর ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ উভয় পক্ষের ৫০ নেতা-কর্মী আহত হয়। পরে দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে দুটি দেশীয় অস্ত্র ও ৭০টি রামদা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাঁচজন করে ১০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা করে। এ মামলার আসামি আবু তাহের মামুন।
গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৫ লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকাগুলোর বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।