চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত এক যুবককে গতকাল রোববার সন্ধ্যার পর ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রাকিব হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় মেসে থাকেন তিনি। তাঁর বিরুদ্ধে অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাকিবকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। পুলিশ সেখানে উপস্থিত হলে তাঁরা সরে যান।
এদিকে গত রাত ৮টা ৪৫ মিনিটে শহর থেকে চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দেন কিছু যুবক। এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়। ষোলশহর রেলস্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন রাতে বলেন, রাকিব নামের একজনের মুক্তির দাবিতে শাটল ট্রেন এক ঘণ্টা অবরোধ করে রাখেন কিছু যুবক। পরে পুলিশ এলে তাঁরা সরে যান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিত করা কমিটির যুগ্ম সম্পাদক আবু সাঈদ রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলা আছে এমন অনেক নেতা ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের না ধরে রাকিবকে গ্রেপ্তার করেছে। রাকিবকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনে নামবেন তাঁরা।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মো. জাহাঙ্গীর বলেন, গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে অস্ত্র, পুলিশের ওপর হামলা এবং ডাকাতির ঘটনায় তিনটি মামলা রয়েছে। এর মধে৵ অস্ত্র মামলায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।