সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাড়ির তত্ত্বাবধায়ককে খুন করে অস্ত্র ও জিনিসপত্র লুটের ঘটনায় গত মঙ্গলবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন দিরাই পৌর শহরের ভরারগাঁও গ্রামের জাকির হোসেন (২৪) ও একরাম হোসেন (৩০), মকসদপুর গ্রামের মাসুম মিয়া (২৩) ও ঘাগটিয়া গ্রামের রুহুল আমিন (৩৩)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাছির উদ্দিন চৌধুরীর দিরাই পৌর শহরের বাড়ির তত্ত্বাবধায়ক লিলু মিয়াকে (১৭) খুন করে গত শনিবার রাতে ডাকাতেরা একটি রিভলবার, একটি রাইফেল, ১০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, মুঠোফোন ও কিছু টাকা নিয়ে যায়। ওই রাতে নাছির চৌধুরী ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না।
এদিকে নাছির চৌধুরীর বাড়িতে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় পুলিশ গত মঙ্গলবার রাতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটির অন্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। কমিটি পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম দেলোয়ার হোসেন বলেন, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনামগঞ্জের এসপি হারুন অর রশিদ বলেন, ‘কমিটি মূলত নাছির চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তাঁর (সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী) বাড়ি থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলোর নিবন্ধন ও সেগুলোর নিরাপত্তার বিষয়ে তাঁর ভূমিকা কী ছিল সেসব বিষয় খতিয়ে দেখবে।’