অস্ত্র লুটের মামলার আসামি গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির অস্ত্র লুটের মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম সরদারকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে রবিউলের গ্রামের বাড়ি সদর উপজেলার ফিংড়ি সুলতানপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ১৯৯৭ সালে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি থেকে কমান্ডো স্টাইলে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রবিউল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন।
ওসির ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে রবিউলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় রবিউল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এতে রবিউল পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, বন্দুকের তিনটি গুলি ও তিনটি হাতবোমা উদ্ধার করে।