অস্ত্রধারী বহিরাগত ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের তিনটি আবাসিক হলে বৈধভাবে উঠতে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত তিন শতাধিক ছাত্র আবেদন করেছেন। এ ছাড়া গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা হত্যা মামলায় অস্ত্রধারী বহিরাগত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন সূত্রে জানা গেছে, আজকে পর্যন্ত ৩০৯ জন ছাত্র আবাসিক হলে বৈধ হওয়ার জন্য আবেদন ফরম নিয়েছেন। এর মধ্যে শাহপরান হলে ১৪২, বঙ্গবন্ধু হলে ১৫০ ও সৈয়দ মুজতবা আলী হলে বৈধতা পেতে ফরম নিয়েছেন ১৭ জন।
এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের এ হল তিনটি খুলে দেওয়া হয়। এ সময় হল কর্তৃপক্ষ আবাসিক বৈধতা থাকা ৬৬ জন ছাড়া অবৈধ কাউকে হলে উঠতে দেয়নি। তবে ছাত্রীদের দুটি হল গত শনিবারই খুলে দেওয়া হয়।

গতকালের ৬৬ জনসহ আজকে পর্যন্ত আবাসিক হলের বৈধ ছাত্র ছিলেন বা নতুনভাবে বৈধতা পেয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ৭৭। এর মধ্যে শাহপরান হলের শিক্ষার্থী ৩১, বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী ৪৫ ও সৈয়দ মুজতবা আলী হলের শিক্ষার্থী ১ জন। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট হলগুলোর প্রাধ্যক্ষরা প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু হলে ৫০৮টি, শাহপরান হলের ৪৪৭টি এবং বঙ্গবন্ধু হলে ৬৪টি আসন আছে।

গত শনিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘৯৩ শতাংশ ছাত্র অবৈধভাবে ও ছাত্রীরা থাকেন বৈধভাবে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আর এ প্রতিবেদন প্রকাশের দিনই অভিযান চালিয়ে রামদা, চায়নিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে হল প্রশাসন। বৈধভাবে থাকা আসনগুলো ছাড়া বাকি আসনগুলোকে হল প্রশাসন নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এদিকে গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় হাবিবুর রহমান ওরফে হাবিব (২০) নামে ছাত্রলীগের এক বহিরাগত কর্মীকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট শহরের বন্দরবাজার এলাকা থেকে ছাত্রলীগের ওই কর্মীকে গ্রেপ্তার করে। সংঘর্ষের দিন তাঁকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তীর সঙ্গে আগ্নেয়াস্ত্রসহ দেখা গেছে।

জালালাবাদ থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে হাবিবকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’