অস্ত্রধারীও রিটার্নিং কর্মকর্তার কক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হাসিনা গাজী গতকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে যান। এ সময় তাঁর সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢোকেন রূপগঞ্জের নাওড়া গ্রামের বাসিন্দা আবাসন ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক। রফিকুলের কোমরে ঝুলছিল তাঁর লাইসেন্স করা রিভলবার।
রিটার্নিং কর্মকর্তার কক্ষে হাসিনা গাজী ছাড়াও আওয়ামী লীগের স্থানীয় ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের ২০ জন নেতানেত্রী এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তার কক্ষে গণমাধ্যমকর্মীরা রফিকুলের কোমরে রিভলবার ঝুলে থাকতে দেখেন। হাসিনা গাজী যতক্ষণ রিটার্নিং কর্মকর্তার কক্ষে ছিলেন, রফিকুলও ততক্ষণ অবস্থান করেন।
পরে গণমাধ্যমকর্মীরা বিষয়টি সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ইউএনও লোকমান হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সকাল থেকেই প্রার্থীরা এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। কোনো প্রার্থীর সমর্থক অস্ত্রসহ আমার কক্ষে ঢুকেছে কি না, তা আমার চোখে পড়েনি।’ রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে ধারণ করা ভিডিওচিত্রেও দেখা গেছে, রিটার্নিং কর্মকর্তার কক্ষে আবাসন ব্যবসায়ী রফিকুল ইসলামের কোমরে রিভলবার ঝুলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া জনসম্মুখে প্রদর্শন অবৈধ।
এর আগে সকাল থেকেই আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থান থেকে শতাধিক বাস-মাইক্রোবাস ও অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে আসা নেতা-কর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। হাসিনা গাজীর পক্ষে তাঁরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দফায় দফায় মিছিল করেন। বিভিন্ন স্থান থেকে হাসিনা গাজীর পক্ষে আসা নেতা-কর্মীদের গাড়ি মুড়াপাড়া কলেজ মাঠে পার্কিং করতে দেখা গেছে।
জানতে চাইলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আওয়ামী লীগের সাংসদ গাজী গোলাম দস্তগীরের স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা গাজী বলেন, তিনি কাউকে নিয়ে আসেননি। তাঁকে ভালোবেসে নেতা-কর্মীরা বাসসহ বিভিন্ন যানবাহন নিয়ে এখানে এসেছেন। এতে তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেন বলেন, কোনো মেয়র পদপ্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে সে সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়নপত্র জমা দিলেন পাঁচজন: রূপগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিনা গাজী, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ওরফে হাবিব, বিএনপির মনোনীত প্রার্থী নাছিরউদ্দিন আহম্মেদ, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ও তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী এবং ইসলামী আন্দোলনের নেতা সিব্বির আহম্মেদ।