অস্ত্রসহ আ.লীগ নেতা ও তাঁর সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকা থেকে গত সোমবার রাতে আওয়ামী লীগের নেতা আবদুল ওয়াদুদ শেখ ও তাঁর সহযোগী রবিউল ইসলামকে দুটি বিদেশি পিস্তল ও ছয়টি বোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আবদুল ওয়াদুদ শেখ উপজেলার নওয়াপাড়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আবদুল ওয়াদুদের স্ত্রী জেসমিন সুলতানা বলেন, ‘এখানে আওয়ামী লীগের রাজনীতিতে বিভক্তি আছে। এই বিভক্তির কারণে আমার স্বামী ষড়যন্ত্রের শিকার হয়েছেন।’
যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, একটি হত্যা মিশনে অংশগ্রহণের জন্য আবদুল ওয়াদুদ শেখ ও তাঁর সহযোগী রবিউল ইসলাম অস্ত্র ও বোমা নিয়ে যাচ্ছিলেন। যশোরের ডিবি কার্যালয়ে রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।