অস্ত্রসহ আটক তিনজন কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক তিনজনকে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম তাঁদের ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর নিয়ে আসতে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করেন। এ নিয়ে এই মামলার আসামি হলো পাঁচজন।

এই তিনজন হলেন রংপুর মহানগর যুবদলের সদস্য রংপুর শহরের শাহীপাড়ার রাজিব হাসান ওরফে মেরিল সুমন (২৮), শহরের জুম্মাপাড়ার নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল (২৬) ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল (৩২)। এই তিনজনকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সাতনইল ও বিদিরপুর এলাকা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করেন র‍্যাবের নায়েক আব্দুস সাত্তার।

রংপুরের কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানীর ভাষ্য, ওই তিনজনের বিরুদ্ধে রংপুরের কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি জাহিদুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে রংপুর জাপানি নাগরিক কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে তাঁদের রংপুরে পাঠাতে আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করা হয়।

এর আগে এই হত্যা মামলায় হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন ছিলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী। রাশেদ-উন-নবী রংপুর মহানগর বিএনপির সদস্য।

চলতি বছরের ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।