অস্ত্রসহ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি মো. মানিক ওরফে তোতা মিয়াকে (২৮) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার ভোরে ফেনী শহরের বিরিঞ্চির আনিছ পুকুর এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে।
মানিকের বিরুদ্ধে একরাম হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। গতকাল তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ নিয়ে চেয়ারম্যান একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ১৬ জন কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।