অস্ত্রসহ গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তল্লাশি অভিযানে শটগানসহ আটক ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দুটি করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আট নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের পর বৃহস্পতিবার রাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেদিন রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ছাত্রদের ছয়টি হল ও ক্যম্পাস এলাকার কটেজগুলোতে তল্লাশি চালায় পুলিশ।
একটি কটেজ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সহসম্পাদক জাহাঙ্গীর আলম এবং উপত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিনকে একটি শটগানসহ আটক করে পুলিশ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি বাসা থেকে পাঠাগারবিষয়ক সম্পাদক আবু বকরকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আগেই তিনটি মামলা রয়েছে। পুলিশের তল্লাশি অভিযানে বিভিন্ন হল থেকে ৪০টি রামদা, রডের ৩০টি টুকরা ও পটকা উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার করা দুজনের কাছ থেকে ইয়াবা বড়িও উদ্ধার করা হয়েছিল। এ কারণে তাঁদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। এ দুজনসহ আটক তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কানু লাল বাদী হয়ে মামলা দুটি করেন।