নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে র্যাবের একটি দল মহেশপুর গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী মো. মঞ্জুরুল ইসলাম ওরফে রতনের (৩৭) বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মঞ্জুরুল পালানোর চেষ্টা করেন। তবে র্যাবের সদস্যরা তাঁকে ধরে ফেলেন। পরে মঞ্জুরুলের বসতঘর তল্লাশি করে একটি শুটারগান, একটি পাইপগান, দুটি রামদা, একটি চায়না চাকু ও একটি শটগানের গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় মঞ্জুরুলের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে তাঁকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। মঞ্জুরুলের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, মঞ্জুরুলকে থানায় সোপর্দ করেছে র্যাব।