অস্ত্রসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম ইউরিয়া সার (সিইউএফএল) কারখানাসংলগ্ন এলাকা থেকে গত রোববার ভোরে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আক্তার (২৬), সেজান (২০), আল আমিন (২৭) ও আতিকুর রহমান (২৬)। মোহাম্মদ আক্তার আনোয়ারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের ছেলে। মরিয়ম বেগম ১০ ট্রাক অস্ত্র আটক মামলার খালাসপ্রাপ্ত আসামি।
পুলিশ সূত্র জানায়, পুলিশ রোববার ভোরে আক্তারের সিইউএফএল এলাকার বাড়িতে অভিযান চালায়। এ সময় সহযোগীসহ তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বাড়ির পেছন থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি কার্তুজসহ একটি বন্দুক, দুটি কিরিচ, দুটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগরের কণর্ফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নারী ধর্ষণ ও লাঞ্ছনার সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে আমরা আক্তারকে ধরার সিদ্ধান্ত নিই। ১০ জন অফিসারসহ পুলিশের ২০ জন সদস্য রোববার ভোরে আক্তারের বাড়ি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে আক্তার সহযোগীদের নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বাড়ির পেছন থেকে আমরা চারজনকে গ্রেপ্তার ও অস্ত্রশস্ত্র উদ্ধার করি।’
ওসি জানান, আক্তারের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, ডাকাতি ও চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে।