প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকা থেকে লাল মিয়া সরদার (৩০) নামের চরমপন্থী দলের আঞ্চলিক এক নেতাকে সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের ছামাদ সরদারের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, চর বরাট গ্রামে পদ্মা নদীর পাড়ে বসে চরমপন্থী দল সর্বহারা লাল পতাকার কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বৈঠক করছেন। রাত সাড়ে নয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে লাল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি আধুনিক ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। তাঁকে রাতেই গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্রসহ সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।