অস্ত্রসহ ছাত্রলীগের সাবেক নেতাসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকা থেকে অস্ত্রসহ ছাত্রলীগের সাবেক এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী কলেজ শাখার সাবেক সহসভাপতি শহীদুল আলম রিপন, নগরের হেতেম খা এলাকার বিদ্যুৎ হোসেন, তাঁর সহযোগী নগরের দক্ষিণ দড়িখরবোনা এলাকার মেহেদী হাসান সুমন ও হোসেনীগঞ্জ এলাকার শাহীন কাদির।

ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি রকি কুমার ঘোষ জানান, শহীদুল আলম রিপন রাজশাহী কলেজের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তবে তিনি এখন কোনো কমিটিতে নেই।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি অটোরিকশা দিয়ে বহরমপুর মোড়ের দিকে যাবেন। এই সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় অটোরিকশাটি আটক করা হয়। অটোরিকশার ভেতরে থাকা ব্যক্তিদের তল্লাশি করে বিদ্যুৎ হোসেনের কোমর থেকে একটি পিস্তল ও ম্যাগজিন পায় পুলিশ। এর পর আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।