অস্ত্রসহ জলদস্যু 'মাস্টার বাহিনী'র আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের একদল দস্যু আত্মসমর্পণ করেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গতকাল মংলা বন্দরের জেটির কাছাকাছি এলাকায় ওই দস্যুদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র প্রদর্শন করে। এ সময় দলটির সদস্যদেরও হাজির করা হয় l ছবি: প্রথম আলো
সুন্দরবনের একদল দস্যু আত্মসমর্পণ করেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গতকাল মংলা বন্দরের জেটির কাছাকাছি এলাকায় ওই দস্যুদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র প্রদর্শন করে। এ সময় দলটির সদস্যদেরও হাজির করা হয় l ছবি: প্রথম আলো

অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের দস্যু ‘মাস্টার বাহিনীর’ প্রধান মোস্তফা শেখসহ ১০ জন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় মংলা বন্দরের জেটি-সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে তাঁরা আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা দেশি-বিদেশি ৫২টি আগ্নেয়াস্ত্র ও সাড়ে ৪ হাজার গুলি জমা দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অন্য জলদস্যুরাও যদি এভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাহলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে মাস্টার এবং তাঁর বাহিনীর সদস্য সোহাগ আকন্দ, সোলায়মান শেখ, সুলতান খাঁ, ফজলু শেখ, শাহীন শেখ, সুমন সরদার, আসাদুল ইসলাম, হারুন ও আরিফ সরদার আত্মসমর্পণ করেছেন। এঁদের বাড়ি বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলা, খুলনার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন গ্রামে।

র‍্যাব সূত্র জানায়, গত ৩ মে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখসহ তাঁর সাত সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেন। এরপর আত্মসমর্পণের আয়োজন শুরু করে র‍্যাব।

গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মংলা বন্দরের অতিথি ভবন ‘পারিজাত’-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেজর আদনান কবিরের নেতৃত্বে একটি দল সেদিন সকাল সাতটায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৪ হাজার গুলিসহ মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখসহ সাত দস্যুকে তাঁদের জিম্মায় নেয়। আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন বাতিল হলে আত্মসমর্পণ প্রক্রিয়া স্থগিত করা হয়। এর মাঝে বাহিনীর আরও তিনজন সদস্য একটি আগ্নেয়াস্ত্র ও ৫০০ গুলি র‍্যাবের কাছে জমা দেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ সম্পন্ন করে মাস্টার বাহিনী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবনকে সরকার নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে চায়, যেন জেলে, মৌয়াল, বাওয়ালিসহ সব বনজীবী নিরাপদে কাজ করতে পারেন ও দেশি-বিদেশি পর্যটকেরা নিরাপদে ভ্রমণ করতে পারেন। তবে স্বাভাবিক জীবনে ফিরে না এসে সুন্দরবনে যাঁরা দস্যুতা করবেন, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না।

র‍্যাব জানায়, ২০১২ সাল থেকে মাস্টার বাহিনীর সদস্যরা সুন্দরবনের মান্দারবাড়িয়া, হিরণ পয়েন্ট, কালীর চরসংলগ্ন এলাকাসমূহে জেলে অপহরণ ও দস্যুতা করে আসছিল। উপকূলীয় বিভিন্ন থানায় এই বাহিনীর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল আনোয়ার লতিফ, খুলনা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক মো. মনির-উজ-জামান, র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।