অস্ত্রসহ দুই যুবককে পুলিশে ধরিয়ে দিল গ্রামবাসী
নোয়াখালীতে এক যুবককে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে দু্ই যুবককে পুলিশে ধরিয়ে দিয়েছে। দুজনের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পতিস গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটক দুই যুবক হলো দেউটি গ্রামের ইসমাইল হোসেন ও মো. বাবলু (২৬)। তাদের সোনাইমুড়ী থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী পতিস গ্রামের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ওই গ্রামের বাবলুর বাড়িতে দেওটি এলাকার সন্ত্রাসী শাহ বাহিনীর সদস্যরা অবস্থান করছে—খবর পেয়ে গ্রামের লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় মো. হোসেন নামে এক গ্রামবাসীকে তাদের অটোরিকশায় তুলে নেয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর অটোরিকশাটি গ্রামবাসীর ঘেরাওয়ের মুখে পড়ে। এ সময় হোসেনকে উদ্ধার এবং অটোরিকশা থেকে অস্ত্রসহ ইসমাইল ও বাবলু নামের দুজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।