অস্ত্রসহ ধরিয়ে দেওয়ায় খুন হতে হলো শাহাদাতকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে খুলনা নগরের রায়েরমহল এলাকার আজম তালুকদারকে অস্ত্রসহ পুলিশে ধরিয়ে দেন একই এলাকার মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা (৬০)। পুলিশের ধারণা, গত বুধবার রাতে রায়েরমহলের হামিদনগর এলাকায় ওই আজম তালুকদারের (২৬) নেতৃত্বেই সশস্ত্র হামলা করা হয় শাহাদাতের ওপর। বুক, ঘাড় ও হাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শাহাদাত হোসেন।

এ ঘটনায় আহত হন আজমসহ আরও পাঁচজন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবারবার রাতেই আজমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শাহাদাত হোসেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। রায়েরমহল ও সোনাডাঙ্গা এলাকায় তাঁর দুটি বাড়ি আছে। তাঁর চার ছেলের তিনজনই থাকেন দেশের বাইরে। আরেকজন থাকেন ঢাকায়।

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বলেন, শাহাদাত হোসেন আগে আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না। দেড় মাস আগে প্রস্তাবিত থানা কমিটিতে তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়।

শাহাদাতের ছোট ভাই ফয়সাল মাহমুদ বলেন, শাহাদাতের মূল বাড়ি রায়েরমহলে। সেখানেই তাঁর মাছের ঘের ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি দিনে রায়েরমহল এলাকায় থাকলেও রাতে থাকতেন সোনাডাঙ্গার বাড়িতে।

ফয়সাল মাহমুদ বলেন, লাশ ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ছেলেরা দেশে আসার পর সবার সঙ্গে আলোচনা করে লাশ দাফন করা হবে।

থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেনের কাছে লাইসেন্স করা শটগান ও পিস্তল ছিল। ঘটনার সময় পিস্তলটি তাঁর কোমরে আর শটগানটি ছিল গাড়িতে। তিনি হামিদনগর হাজী মুহম্মদ মুহসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় দুর্বৃত্তরা এসে তাঁর ওপর হামলা করে। এ অবস্থা দেখে শাহাদাতের গাড়ি থেকে শটগানটি নিয়ে হামলাকারীদের দিকে গুলি করেন সেখানে থাকা একজন। এতে আজম গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েকটি গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলে থাকা লিয়াকত আলী খান (৬৭) ও তাঁর ছেলে মোস্তফা খান (৩৮), রুবেল (৩৫) ও বুলবুল (৩০) গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২০১৫ সালের জানুয়ারি মাসে অস্ত্র, বিস্ফোরকসহ নগরের আড়ংঘাটা থানার পুলিশের কাছে আজমসহ তিনজনকে ধরিয়ে দেন শাহাদাত হোসেন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। মামলার ৩ নম্বর আসামি ছিলেন আজম তালুকদার। বর্তমানে ওই মামলার আসামিরা জামিনে রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আজমসহ তাঁর সঙ্গীদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য শাহাদাতের ওপর ক্ষিপ্ত ছিলেন আজমরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ক্ষোভের জন্যই শাহাদাতের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। ওই নামগুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করি খুব শিগগির মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন গতকাল বিকেল পাঁচটার দিকে বলেন, এখনো মামলা হয়নি। তবে শাহাদাতের পরিবারের সদস্যরা আলোচনা করে মামলা করতে আসবেন বলে শুনেছি।

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শাহাদাত হোসেন নিহত হওয়ার ঘটনায় গতকাল বেলা ১১টার দিকে রায়েরমহল এলাকায় হামলাস্থলের কাছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোনাডাঙ্গা ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ওই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ থেকে দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আওয়ামী লীগের নেতা-কার্মীরা।

ওই ঘটনায় শনিবার থানা আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস।