কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকায় অস্ত্রের মুখে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণচেষ্টায় জড়িত সন্দেহে বখাটে নাছির উদ্দিন ওরফে বিকিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শহরের বাদশাঘোনা পাহাড়ি এলাকার একটি আস্তানা থেকে বিকিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি শহরের খাজা মঞ্জিল এলাকায়।
গত সোমবার বৈদ্যঘোনা এলাকার এক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান বিকি। এ সময় গৃহবধূর সোনার চেইন, দুল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, গতকাল ভোরে জনতার সহযোগিতায় শহরের বাদশাঘোনা পাহাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাঁর কাছ থেকে এলজি ও চাকু উদ্ধার করা হয়েছে। বিকির সঙ্গে সাইফুল ইসলাম নামের আরও এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।