অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জাহিদ হোসেন (৩৬) নামের ওই যুবককে একটি পিস্তল, একটি রিভলবার ও পিস্তলের দুইটি গুলিসহ গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জাহিদ মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা খবির উদ্দীনের ছেলে। গতকাল রাতেই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম প্রথম আলোকে বলেন, জাহিদ ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী। গতকাল রাতে জাহিদের বাড়িতে গোয়েন্দা পুলিশের দুই উপপরিদর্শক আবদুল হালিম ও ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরে তল্লাশি চালিয়ে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ওসি জানান, রাতেই জাহিদকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। আজ সকালে তাঁকে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।