অস্ত্রসহ যুবলীগ নেতা মাদকের মামলায় যুবদলকর্মী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে গতকাল বুধবার অবৈধ অস্ত্রসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন মাদক ব্যবসাসহ একাধিক মামলার আসামি এক যুবদলকর্মীকে ঈশ্বরদী শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা হলেন আলমগীর প্রামাণিক ওরফে আলম (৪০)। তিনি পাকশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পাবনা জেলা অটোটেম্পো চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। আলম ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের সাইদার প্রামাণিকের ছেলে।
গ্রেপ্তার হওয়া যুবদলকর্মীর নাম আলীয়া ভুলু (৪২)। তিনি ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুর এলাকার অবাঙালি মোহাম্মদ আলীর ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদকসহ ঈশ্বরদী থানায় পাঁচটি মামলা ও রেল থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। তিনি পাকশীতে রেলওয়ের বাসা দখলে নিয়ে বসবাস করতেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বেলা আড়াইটার দিকে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি রিভলবারসহ আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা একটার দিকে পুলিশ শহরের ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে যুবদলের সদস্য আলীয়া ভুলুকে গ্রেপ্তার করে। ঈশ্বরদী ও নাটোরে তাঁর বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে। দুজনকে আদালতের মাধ্যমে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।