চট্টগ্রামের সন্দ্বীপে কোরবানির পশুর হাটে জোড়া খুনের মামলার প্রধান আসামি ‘যুবলীগের নেতা’ ফজলে এলাহী ওরফে মিশুকে গতকাল শুক্রবার ভোররাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর তিন সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বলেছে, গ্রেপ্তার অভিযানের সময় ফজলে এলাহীর সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এ সময় ফজলে এলাহী ডান পায়ে গুলিবিদ্ধ হন। সন্দ্বীপ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ফজলে এলাহীর দাবি, তিনি সন্দ্বীপ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। তবে সন্দ্বীপ উপজেলা যুবলীগের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, যুবলীগের কোনো কমিটিতে ফজলে এলাহীর নাম নেই। এ ছাড়া দেড় বছর ধরে সন্দ্বীপে যুবলীগের পৌর কমিটিই নেই।
গত ২১ সেপ্টেম্বর সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায় পশুর হাটে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়। এ ঘটনায় করা মামলায় ফজলে এলাহী প্রধান আসামি।
গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার বলেন, গতকাল ভোররাতে ফজলে এলাহী তাঁর সহযোগীদের নিয়ে পৌরসভার বাউরিয়া এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ফজলে এলাহী ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসপি বলেন, ফজলে এলাহীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির আলমিরা থেকে দুটি পিস্তল, দুটি শটগান, দেশে তৈরি দুটি বন্দুক, আটটি গুলি ও ১০টি কিরিচ উদ্ধার করা হয়। পরে উপজেলার সন্তোষপুর এলাকা থেকে ফজলে এলাহীর সহযোগী মো. রুবেল, মো. লুৎফুর রহমান ও মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, ফজলে এলাহী আতঙ্ক ছড়াতে প্রতিদিন এলাকায় ফাঁকা গুলি ছুড়তেন। তাঁর ভয়ে এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত ছিলেন। কিন্তু কেউ থানায় অভিযোগ দেওয়ার সাহস পেতেন না। তিনি জানান, ফজলে এলাহীর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে ফজলে এলাহী দাবি করেন, তিনি জোড়া খুনের সঙ্গে জড়িত নন।
পুলিশ জানায়, ফজলে এলাহী ও তাঁর তিন সহযোগীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান উপস্থিত ছিলেন।