অস্ত্রের ভয় দেখিয়ে আ.লীগ নেতার সই আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাসকে অস্ত্রের ভয় দেখিয়ে কাউন্সিলরদের তালিকা অনুমোদনের জন্য সই আদায় করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে অভিযোগ করা হয়, গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান ওরফে মিথুন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আলম ও বাবু তাঁকে একটি বাংলোতে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে সই আদায় করেন।
জিডি সূত্রে জানা গেছে, গত রোববার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এ সভায় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য করা হয়। সভায় বিধু ভূষণ দাসের উপস্থিত থাকার কথা ছিল। মেহেদী হাসান ও আলম গত শনিবার বিধুকে মুঠোফোনে বলেন, গৌরীপুর উপজেলার গাজীপুর বাজার এলাকায় একটি জমি মাপার কাজে তাঁকে উপস্থিত থাকতে হবে। এতে বিধু রাজি হন। পরে শনিবার দুপুরের পর ওই দুজন একটি ব্যক্তিগত গাড়িতে করে গাজীপুর বাজারের দিকে নিয়ে রওনা হন। একপর্যায়ে তাঁর পেটে পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার শালবনের ভেতর একটি বাংলোতে নিয়ে যান। সেখানে তাঁর কাছ থেকে জোর করে গৌরীপুরের বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলরদের তালিকা অনুমোদনের জন্য তাঁর সই আদায় করা হয়। রোববার রাত সাড়ে আটটার দিকে একই গাড়িতে করে বিধুকে গৌরীপুর উপজেলা সদরে নামিয়ে দেওয়া হয়।
আওয়ামী লীগের নেতা বিধু ভূষণ দাস বলেন, ‘ফিরে আসার পর জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ খানকে ফোন করে ঘটনা জানাই। তিনি পরামর্শ দিলে আমি থানায় জিডি করি।’
অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান বলেন, ৩০ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে পরিস্থিতি ঘোলা করতে ও দলীয় কোন্দল সৃষ্টি করতে বিধু এসব অপপ্রচার চালাচ্ছেন। আলম ও বাবু অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, বিধু ভূষণের জিডি পাওয়া গেছে। তাঁর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।