অস্ত্রের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা থেকে তুলে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণ করেছে এক যুবক। গতকাল সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করেছে।
ধর্ষণের শিকার ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, গতকাল সকাল আটটার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য স্কুলের উদ্দেশে ঘর থেকে বের হয়। কিছুদূর যাওয়ার পর একই এলাকার মো. রাজু (২৪) ওই ছাত্রীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকার শুনে এক লোক ওই যুবককে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করেন। পরে ওই ব্যক্তি ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং বিষয়টি থানায় অবহিত করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি জানার পরই থানা-পুলিশের একাধিক দল ওই যুবককে ধরতে অভিযান চালায়, কিন্তু তাঁকে পাওয়া যায়নি। অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের লোকজন
ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।