অস্ত্রের মুখে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ধারালো অস্ত্রের মুখে বিকাশ এজেন্টের ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বাসন সড়কে যমুনা গ্রুপের তিন লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
বিকাশের কয়েকজন কর্মকর্তা জানান, গতকাল দুপুরে টঙ্গীর মুদাফা এলাকা থেকে সংগ্রহ করা বিকাশের ছয় লাখ টাকা নিয়ে আনোয়ার হোসেন (২২) ও সাইদুল ইসলাম (২৮) টঙ্গীর সেনাকল্যাণ ভবনের বিকাশ কার্যালয়ে (এজেন্ট) ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে ছয় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ওয়েল্ডিং ইলেকট্রোড লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) মো. আশরাফ আলী বলেন, তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তার ডাচ্-বাংলা ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে বাসে করে কারখানা-সংলগ্ন বাসন সড়কে এসে নামেন। একপর্যায়ে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে করে ১০-১২ জন ছিনতাইকারী তাঁর টাকা ছিনতাই করে।